মনু, ফেনী কিংবা বাংলার সন্তান, ঝর্ণা মনি
বাংলাদেশে তখন মুক্তিযুদ্ধের দামামা। জীবনমরণ যুদ্ধ। হয় পরাধীনতার শৃঙ্খল থেকে দেশমাতৃকাকে শত্রু মুক্ত করা, নতুবা পাকিস্তানি হায়েনাদের হাতে জীবন বিসর্জন করা। একাত্তরে বাংলাদেশ যখন স্বাধীনতার লড়াই করছে, রক্তগঙ্গা দিকে দিকে, রক্তাক্ত ওইসময়ের ৩০ জুলাই সীমানার কাঁটাতারের ওপারে ত্রিপুরার ধর্মনগরে জন্ম একজন বাংলাপ্রেমীর। যার অস্থিমজ্জায় মিশে আছে বাংলা। যার ধ্যান বাংলা, নদী, মাটি আর মানুষ। এক পা দু’পা করে আজ তিনি পঞ্চাশে। বয়সের সঙ্গে পাল্লা দিতে গিয়ে জ্যামিতিক হারে বেড়েছে বাংলার প্রতি ভালোবাসা। তাই তো তিনি বাংলায় লিখেন, বাংলার জন্য লেখেন। তার কথামালাগুলো নদীর স্রোতের মতোই ফল্গুধারায় বহমান। নিজেকে মনে করেন নদীর সন্তান। নদীর সুখ দুখের মতোই গদ্যে কিংবা পদ্যে তুলে আনেন জীবনের নির্যাস।
তিনি গোবিন্দ ধর। পিতা দক্ষিণারঞ্জন ধর। পঞ্চাশে পা রাখা গোবিন্দ ধর শতায়ু হোন। দু’হাত উজাড় করে লিখুন।
শুভ জন্মদিন মনু, ফেনী কিংবা বাংলার সন্তান।

0 Comments