গোবিন্দ ধরের কবিতা
কবিতা
আত্মপরিচয়
গোবিন্দ ধর
একজন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পঞ্চম পুরুষ
আরেকজন রতিরাম ধরের পঞ্চম পুরুষ।
একজন বাচিকশিল্পী কবি জয়দীপ চট্টোপাধ্যায়
একজন কথাকামলা গোবিন্দ ধর।
একজন কবি তিনি বাচিকশিল্পীও।
আমি কবি হতে গিয়ে হয়ে আছি অক্ষরশ্রমিক।
কথাশ্রমিক গোবিন্দ ধর একজন শিক্ষকও।
আর জয়দীপ কবি।দৃশ্য সাজান তিনি।
লেখেন মানুষের অক্ষর।
বঙ্কিমচন্দ্রের পরিচয় তিনি কথাসাহিত্যিক।
আর রতিরাম সাধারণজন।
পূর্ব নিবাস কুলাউড়া উপজেলার
মিঞারপাড়া বাংলাদেশ।
বঙ্কিমচন্দ্র কলকাতাবাসী আর রতিরাম উদ্বাস্তু মানুষ।
আমাদের দীর্ঘ আত্মপরিচয়ের কোথাও অবিবেচক
কথাটি দিনপঞ্জিকায় লেখা নেই। আছে শুধু
মানুষকে মানুষ বলার স্পর্ধা।
বঙ্কিমচন্দ্রের মতোই রতিরামও আইনের লোক।
মানুষকে ভালোবাসতে ভাসতে হেরে গেলে
পিঠে হাত রাখতেন রতিরাম।
বঙ্কিমচন্দ্র বিচারের দায়িত্ব সামলে আনন্দ মঠ লিখে
বিখ্যাত ঔপন্যাসিক।
আর রতিরাম নিজের দায়িত্ব শেষে মনুপাড়ে বসে বসে
পাখিদের নীড়ে ফেরা দেখতেন।দেখতেন নীল আকাশ।
আমরা প্রতারক নই।শরীর সর্বস্বও নয়।শরীরের কয়েক সেন্টিমিটার অতিক্রম করার আগেই এখনও অনুভব হয়
মানুষের ভালোবাসা ও প্রত্যাখ্যান।
আমরা দুজনেরই মন বলে অদৃশ্য মেঘলা আকাশ
আছে।পাঁচ প্রজন্ম পরেও আমরা জয়গোবিন্দ।
ঈশানকোণের দুঃখিনী বাংলাভাষায় লিখি গণমানুষের দহন
আর দ্বিতীয় তৃতীয় কিংবা চতুর্থ কোন পরিচয় নেই।
২০:০৫:২০২৩
সকাল:০৭:২০মি
কুমারঘাট।
0 Comments