আমি আর কোত্থাও যাবো না 

গোবিন্দ ধর 

যে যায় তাকে যেতে দাও।
আমি আর কোত্থাও যাবো না।
চাতলার বর্ডার যখন ক্রস করে
ছেঁড়া মানচিত্র বগলে নিয়ে
ঠাকুরদা এই কাঁঠালত্রিপুরায় এলেন।

আমি আর কোত্থাও যাবো না।
এই আমি ভূমিকায় অবতীর্ণ।

ত্রিপুরা আমার মা কোমল জ্যোৎস্না
ত্রিপুরা আমার বাবা শাখান পাহাড়
ত্রিপুরা আমার ভাই বড়মুড়া
ত্রিপুরা আমার বোন নীল জাম্পুই
ত্রিপুরা আমার নীলপরি শোভা চা
ত্রিপুরা আমার আত্মজ-আত্মজার হাসি
ত্রিপুরা আমার দেওমনুশঙ্খশহর।

এই কাঁঠালছায়ার ঘ্রাণ ছেড়ে 
আমি আর কোত্থাও যাবো না। 

১৪:০৬:২০২০
রাত:০৯:১৭মি
কুমারঘাট।