গোবিন্দ ধরের কবিতা:কিছুই কিচ্ছু নয়
কিছুই কিচ্ছু নয়
গোবিন্দ ধর
ধরো এমন হলো কাল আমি নেই। জানি তাতে সূর্য উঠবে
পাখি ডাকবে কিচিরমিচির।
সকালের স্কুলে বাচ্চারা যাবে
স্যার দিদিমণি সকলেই যার যার ক্লাস নেবে
কারো কিচ্ছুটি আটকে থাকবে না।
জীবন এমনই আমি থাকলেও যা
না থাকলেও কারো কিছু যায় আসে না।
পুবের লাল সূর্য ঠিকঠাক পুবেই উঠবে
বিকেলে ডুবে যাবে টুপ করে পশ্চিমে।
কারো কিচ্ছু হবে না আমি নেই তাতে।
কবিরা কবিতা লিখবে।
আড্ডা হবে।কপিহাউসে গান চলবে ঠিক মান্না দে,র স্টাইলে।
শহর আগরতলায় প্রতিদিন যেমন
প্রেক্ষাগৃহ ভর্তি মৃত মানুষেরা বসে বসে মৃত মানুষের গান শুনবে
নাচ উপভোগ করবে
তর্কাতর্কি হবে আলোচনা হবে
যেমন যেমন যা যা হয় সবই হবে।
আমি নেই তাতে পৃথিবীর কিচ্ছু যাবেও না আসবেও না।
যেমন যা চলছিলো তা-ই চলবে।
গানদিদিমণি সন্ধ্যায় রেওয়াজ সেরে রাত বারোটায় বান্ধবীর সাথে দীর্ঘ আড্ডা শেষে
বাড়ি ফিরবে বরের কাছে।
বর আহ্লাদে বুকে টেনে একটি রাত কাটিয়ে দেবো
যে যার মতো ভালো থেকে।।
সকালে নিজের বাচ্চাটি আবার স্কুলে যাবে
তারও টিপিন ঠিকঠাক কৌটো ভরে দিতে হবে, দেবে মায়েরা।
বিকেলে টিউশন সেরে আসবে মেয়েটি।
কি খাবে আদৌও খাবে সে নিয়ে বিস্তর আলাপ হবে। উপায় বের হবে।
কিন্তু আমি নেই তো নেই
তাতে কারো কিচ্ছু যাবে না আসবেও না।
আসলে এই যে আছি তাও কতটুকু আছি
আসলেও আছি এরকম বেঁচে থাকাকে আছি বলে?
নিজের সন্তান যখন ভালো নেই
নিজের মেয়ে যখন ভালো নেই
নিজের মা যখন ভালো নেই
নিজের ভাই যখন ভালো নেই
নিজের বোন পারুল যখন ভালো নেই
অর্পণা শাশ্বতী সুচিত্রা চন্দ্রিমা রীতা সুমনা দেবাঞ্জনা
শেলী জুলি জুঁই সুমিতা পহেলী
চামেলী অঞ্জনা রঞ্জনা শুক্লা কল্যাণী কেউ যখন ভালো নেই
আমি আর কোন ছাই ভালো আছি বলি?
মনের অসুখে কবেই তো মরে গেছি
কবেই তো বাইকে সকালে মৃত আমি চালিয়ে যাই বাইক।
মৃত আমি ক্লাসে যাই।
বাংলা যা কিছু পারি তাও ভুলে যেতে যেতে আমি এখন
না রিয়াং না বাঙালি না হিন্দু না মুসলিম
আমি না মানুষ না পশু
এক বিকৃত বকচ্ছব সেজেসুজে
প্রতিদিন খাই দাই স্কুল যাই
আবার খাই দাই স্কল যাই।
অথচ আমি তো মৃত।
এই খুনসুটি করি।
লাগালাগি করি ম্যাসেজ করি এ আর আমি কোথায়?
আমার আমি তো কবেই মরে গেছে।
এই যে স্কুলের চেয়ারে বসে এলসিকে বলি
এই একটা চা দাও
তাও তো আমি নয়।
আমি মৃত।মৃত মানুষ মানুষ নয়।
তার হাত পা সবই দৃশ্যমান তবুও এগুলো হাত নয় পা নয় চোখ নয়
এক গোলকধাঁধায় ঘুরে ঘুরে ঘুরে ঘুরে
আমিও কবেই মরে গেছি।
কেউ আসলে বেঁচে নেই।
সব সবাই মৃত।
অথচ বেঁচে থাকার কত অদম্য প্রয়াস।
কত কাঠখড় মেডিসিন ডাক্তার
ঝাগড়া মান অভিমান
প্রেম বিরহ
যেখানে প্রেমের কথা বলা বারণ সেখানেও
বলে দিলাম ভালোবাসি।
এত সহজ মৃত মানুষের সাথে মৃত মানুষের ভালোবাসা হয়?
কবেই তো মরে গেছি
তো এতো মান কেন?
এত অভিমান কেন?
এত প্রেম কেন?
গভীর অন্ধকার করে আকাশ নিকষ কালো করে
ঝড় আসছে বিদ্যুৎ নেই
আমি নেই আমি এক মৃত মানুষ।
সব ঠিকঠাক কোথাও কিচ্ছুটি আটকে নেই।
সব সচল ঘড়ির মতো ছুটছে সামনের দিকে।
অথচ সামনা বলতে কিছু নেই।
সময় বলতে কিছু নেই।
পেছন নেই।
উপর নেই।
নিচ নেই। উঁচুনিচু নেই।
কিচ্ছু নেই। আমিও নেই। তুমিও নেই।
কিছুই কিচ্ছু নয় সবই ভুয়া কাঁচকলা।
২২:০৬:২০২৩
রাত:১০টা ২৫ মি
কুমারঘাট।
0 Comments