মিলনকান্তি দত্তের সাথে উৎসব নিয়ে কিছুক্ষণ 

গোবিন্দ ধর

গোবিন্দ :উৎসব অর্থ কি শুধু আনন্দ? 
নাকি অন্য কিছুও?
উৎসব মানে কি শ্রদ্ধা, স্মরণ, শ্রাদ্ধও নয়?
কিংবা দুঃখে কি স্মরণ উৎসব করা যায়?
আপনার মতামত বলুন?

মিলনকান্তি:উৎসব সচরাচর আনন্দমূলক অর্থেই ব্যবহৃত হয়। এই ব্যবহারই সার্বিক। তবে
ব্যাকরণগত এবং ভাবগত অর্থ হচ্ছে,
যা উৎকৃষ্টকে প্রসব করে। অথবা যা
আমাদের উৎসের দিকে নিয়ে যায়।
আমার যা জানা তাই বললাম,আমি তো
পণ্ডিত নই। বাকিটা বলবেন শুক্রেশ্বরবাণেশ্বর। 

গোবিন্দ :(২)ভাষা শহিদের শ্রদ্ধা জানাতে স্মরণ উৎসব করা যায়?
মিলনকান্তি:আমার মনে হয়,এ ক্ষেত্রে উৎসব শব্দটি
না থাকলেই ভালো।

গোবিন্দ :(৩)উৎসবের আভিধানিক অর্থ কি?

মিলনকান্তি:আনন্দ। আনন্দমূলক অনুষ্ঠান।
সরল অভিধান। আশুতোষ দেব।
গোবিন্দ :(৪)আপনার লেখালেখিতে উৎসব কেমন করে ধরা দেয়?

মিলনকান্তি:ব্যাকরণগত,ভাবগত এবং আভিধানিকগত_
প্রসঙ্গ অনুসারে ধরা দেয়। সর্বজনগত
লেখায় প্রচলিত অর্থকেই মান্যতা দিই।

"উৎসব তো আমরা রচনা করতে পারিনে,
যদি সুযোগ হয় তবে উৎসব আমরা
আবিষ্কার করতে পারি। সত্য যেখানেই
সুন্দর হয়ে প্রকাশ পায় সেইখানেই উৎসব।"
(রবীন্দ্রনাথ _শান্তিনিকেতন)

"উৎসব হচ্ছে জীবনের কবিত্ব,
যেখানে রস সেইখানেই তার প্রকাশ।"
(রবীন্দ্রনাথ_জন্মোৎসব। শান্তিনিকেতন)

রবীন্দ্রসূক্ত। মিলনকান্তি দত্ত সংকলিত।

গোবিন্দ :(৫)আমাদের সমাজ ও লোকজ বিষয়ের উৎসব কি এক?
মিলনকান্তি:উৎসবের নানান প্রকারভেদ আছে,যেমন
লোকউৎসব,সামাজিক উৎসব,ধর্মীয় উৎসব
ইত্যাদি। লোকজউৎসবের বিষয় লোকপ্রথা,
লোকজবিশ্বাস, লোককথা যা গ্রামীনমেলায়
বিস্তর পাওয়া যায়। এ অন্য সাবজেক্ট,
গবেষকরা বলতে পারবেন।

গোবিন্দ :(৬)বাংলাসাহিত্যকে উৎসব কতটুকু সমৃদ্ধ করেছে বলে আপনি মনে করেন?
মিলনকান্তি:সাহিত্যকে কেন্দ্র করে তো কতো রকমের
উৎসব হচ্ছে। কবিলেখকদের জন্মদিন বা
কোন স্মরণীয় গ্রন্থ বা গ্রন্থের প্রকাশনা
অনুষ্ঠানকে কেন্দ্র করে। বইমেলাও তো
উৎসব। উৎসব সাহিত্যকে কতোটা সমৃদ্ধ
করছে সে বিচার কালের উপর ছেড়ে দিন।
তবে উৎসব যখন মানুষ নিয়ে,সাহিত্য
যখন সহিতত্ব নিয়ে, তখন এইটুকু অন্তত
বলা যায় যে,সাহিত্য উৎসবকে বা উৎসব
সাহিত্যকে অস্বীকার করে না। সাহিত্য
শব্দে হিত অর্থটি আছে,উৎসব শব্দেও
উৎস অর্থটি আছে।

গোবিন্দ :(৭)ত্রিপুরার সাহিত্যে উৎসবের প্রভাব কতটুকু?
মিলনকান্তি:বলেদিলাম তো, প্রভাব আর কী বলব,
এখন এই বিষয়ে খুব একটা ভাবতে চাই না।
উৎসব থেকেও সাহিত্য উঠে আসতে পারে,
উদাহরণ,সমরেশ বসুর 'অমৃতকুম্ভের সন্ধানে'
আবার সাহিত্য থেকেও উৎসব হতে পারে_
যেমন কেমতলির অদ্বৈত মল্লবর্মন মেলা।
তাছাড়া বইমেলাও একটা বড় উদাহরণ।

গোবিন্দ :আপনার সময় থেকে এই কৌতুহল দূর করতে যেটুকু সময় দিলেন আমি কৃতজ্ঞ। আপনাকে ধন্যবাদ।

৩০:০৩:২০১৯