সমকামিতা : সামাজিক ও বৈজ্ঞানিক প্রেক্ষাপট' - প্রাসঙ্গিক কথাপৃষ্ঠা 

গোবিন্দ ধর 


জাহিদ রুদ্র: কবি-প্রাবন্ধিক জাহিদ রুদ্র, তাঁর জন্ম আসামের করিমগঞ্জ জেলায়। যার পোশাকি নাম আনোয়ার জাহিদ। বাবা প্রয়াত আব্দুল আজিজ স্বাস্থ্য বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা তথা সাহিত্য-সংস্কৃতি মনস্ক ছিলেন। মা রুস্তানা বেগম লস্কর ও স্বাস্থ্য বিভাগের 'সেবিকা' হিসেবে কর্মরত ছিলেন তথা মানবসেবায় এক স্বার্থক মহিলা তিনি।

পেশা হিসেবে শিক্ষকতা করছেন জাহিদ। লেখালেখিতে তাঁর প্রবন্ধ, কবিতা বরাক উপত্যকার 'বার্তালিপি', 'সাময়িক প্রসঙ্গ','দৈনিক নববার্তা প্রসঙ্গ', 'গতি', 'প্রান্তজ্যোতি' শিলং-র 'কর্মশালা' ত্রিপুরা-র 'স্রোত' সাহিত্য পত্র, 'প্রবাহ'  কলকাতা-র 'চেতনার অন্বেষণ' সহ বিভিন্ন পত্র-পত্রিকা তথা লিটল ম্যাগাজিনে প্রকাশিত হয়।

'সমকামিতা : সামাজিক ও বৈজ্ঞানিক প্রেক্ষাপট' - তাঁর প্রথম প্রবন্ধ সংকলন।
প্রথম কবিতা সংকলন 'আমাদের এখানে সূর্য ওঠে না'।

জাহিদ রুদ্র এই সময়ে তরুণদের বরাকের কণ্ঠ। তার সময়োপযোগী পদক্ষেপ সমকামিতা শুধু ব্যাধি নয় তার থেকে উত্তরণ ও বৈজ্ঞানিক দৃষ্টিতে দেখে শ্রমসাধ্য এই বইটির রূপ দিয়েছেন। 
যৌন অভিমুখিতায় সমকামিতা বলতে বোঝায় মূলত সমলিঙ্গের ব্যক্তির প্রতি "আবেগীয়, রোমান্টিক যৌন আকর্ষণের একটি স্থায়ী কাঠামোবিন্যাস"। যৌন-প্রবৃত্তির এই সীমানা আসলে বিশাল। এখানে সংখ্যাগরিষ্ঠের বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ যেমন পরিলক্ষিত ঠিক তেমনি সমলিঙ্গের মানুষের মধ্যে রয়েছে প্রেম এবং যৌনাকর্ষণ। শুধু সমলিঙ্গে নয় সমান্তরাল যৌনতার ক্ষেত্র গে, লেসবিয়ান,উভকামিতা, কিংবা দুটোই, এমনকি কখনো রূপান্তরকামিতা ও মেলে।

সমকামিতা প্রসঙ্গে আসলেই সামাজিক ও ধর্মীয় কুসংস্কারে আবদ্ধ মানবাধিকার খর্বের কথাও বলতে হয়। এই বিষয়কে নিয়ে আলোচনা করাটা আমাদের সমাজে বিব্রতকর। এই বই লেখার উদ্দেশ্য সমকামিতাকে উৎসাহিত করা নয়, বা কাউকে সমকামী হয়ে যেতে বলা নয়। কিন্তু যারা সমকামী তাদের সামাজিক সুযোগ সুবিধার ব্যাপারে আমাদের চিন্তার কিছুটা হলেও পরিবর্তন করা, তার সুফল এবং কুফল তুলে ধরা। বস্তুত পক্ষে মানবাধিকার বিষয়ে সকলের চিন্তার স্থবিরতাকে আঘাত করা।
আশা রাখবো সকলের পাঠ্য হওয়ার উপযোগী সংকলনটি পাঠের মাধ্যমে নিজেকে সমকামিতা বিষয়ক সমকালীন চক্রব্যুহ থেকে বেরিয়ে বৈজ্ঞানিক প্রেক্ষাপটে বিষয়টিকে ভাবার সুযোগ করে দেবে।


গোবিন্দ ধর 
সম্পাদক 
স্রোত 
১লা জানুয়ারি ২০২৪

0 Comments