একের মাঝে অনেক:শিল্পী গৌরব ধর 

ডা.শ্যামোৎপল বিশ্বাস 

          মাঝে মাঝে চেনা মানুষের মধ্যে আমরা অচেনা মানুষকে পাই অথচ দেখা যায় অচেনা রূপটিই আমাদের বেশি আকৃষ্ট করে। গৌরব কে অনেকদিন থেকেই দেখি। বয়স তার বেশি নয়। তার কলা চর্চা আমাকে আকৃষ্ট করে, সে একাধারে প্রচ্ছদ শিল্পী, মূর্তি শিল্পতেও তার হাত পাকা, এখন এই সুরেলা কণ্ঠের জাদু আমাকে মোহিত করেছে। শিল্পী কণ্ঠের উচ্চারণ এবং মধুরতাই জাদুতে মুহূর্তেই আকর্ষণ করে যেকোনো শ্রোতাকে। 
             
          বেশ কিছু বইয়ের প্রচ্ছদ এঁকেছে এই কিশোর শিল্পী এবং তা যথেষ্ট সমাদর পেয়েছে। বিগত কয়েক বছর ধরে দুর্গা মূর্তি তৈরি করেও ব্যাপক সাড়া ফেলেছে। দুর্গা মূর্তি বললে শুধু দুর্গা মূর্তি নয় দুর্গাপূজায় যে কাঠামোটি সহ পুজো হয় যেখানে অন্যান্য দেব-দেবী সিংহ অসুর সহ সবাই বিরাজ করেন। অর্থাৎ একটি পরিপূর্ণ দূর্গা পূজার কাঠামো যেটা পুজো প্যান্ডেলে বা মন্দিরে নিয়ে গিয়ে পূজার্চনা করা হয়। শিল্পীর মধ্যে ভক্তিভাব এবং কমনীয়তায় কতটা সমৃদ্ধ সেটা মা দুর্গার মুখের আদল এবং তার চক্ষুদানের মধ্যে ফুটে উঠে। 
            আমি মনে করি যুদ্ধজীবনে কঠোরতা আবশ্যক কিন্তু শিল্পী জীবনে কমনীয়তা শিল্পীকে এক ঐশ্বরিক মূর্তিতে রূপান্তর ঘটায়। যেন কোন রোমান দেবতা ঐশ্বরীয় জাদুতে একটা শিল্পকে শ্রোতা দর্শক নির্বিশেষে আবার সেই ঈশ্বরের কাছেই সমর্পণ করে। তবেই শিল্পী সার্থক। 

             গৌরব ধর ত্রিপুরার স্রোত প্রকাশনার কর্ণধার গোবিন্দ ধরের জ্যেষ্ঠ সন্তান। প্রকাশনা মঞ্চের অনুষ্ঠানের দিন সেও অংশগ্রহণ করেছিল। তার গলায় গান শুনে আমি অভিভূত হলাম। গৌরব তোমার জন্য অনেক শুভাশিস রইল তুমি অনেক এগিয়ে যাও।

0 Comments