পরিবেশ বিষয়ক কবিগান || গোবিন্দ ধর
পরিবেশ বিষয়ক কবিগান
গোবিন্দ বর
সমবেত:
শুনেন শুনেন সুধীজন
শুনেন সর্বজন।
পরিবেশ চেতনার
কথার করি আয়োজন।
করি আয়োজন
মুক্ত বায়ু শুদ্ধজল
দেশে নেই আর,
বাড়ছে গরম গলছে বরফ
ঢল নামছে তার।
কল-কারখানা ছাড়ছে ধোঁয়া
বিষ ঢালছে জলে,
অধিক মাছের লোভে নদী
যাচ্ছে রসাতলে।
মানুষ কাটছে গাছ বাড়ছে সালান
ইট পাথরের গুড়া,
দিক ভুলে মানুষ ছুটছে শুধু
যেন রেসের ঘোড়া।
নাই সবুজ, অবুঝ মানুষ
বুঝে না উষ্ণায়ন,
স্বপ্নের বেলুন চুপসে ফানুস
ভুয়া বিশ্বায়ন।
পলিব্যাগ পলিথিন আর
ঔষধ কীটনাশক
জীবন মান লুটে নিচ্ছে
এই সকল যাতক।
জমিতে সার প্রয়োগ
মাছে ইউরিয়া,
সারা জীবন পঙ্গু করে
এই বিষক্রিয়া।
পয়-প্রণালী পুকুরপাড়ে
জল দূষিত হয়,
সেই জল খেলে পরে
রোগে জীবন ক্ষয়।
পশু-পাখির মৃত্যু হলে
নদীর জলে ফেলে,
সুস্থভাবে বাঁচার চেয়ে
মরছি তুলে-মূলে।
যত্রতত্র মল-মূত্র
নষ্ট পরিবেশকে,
বাঁচতে চাই বাঁচতে হবে
পরিবেশকে সুস্থ রেখে।
নির্মল জল নির্মল বায়ু
নির্মল পরিবেশ,
জীবন-মরণ রক্ষা করতে
হয়না যেন ক্লেশ।
এই সব মারণব্যাধি
দূর করতে ভাই,
পরিবেশকে বাঁচাই সবাই
গোবিন্দের দোহাই।
0 Comments