গোবিন্দ ধর ও আত্মবিষের কথা

আলোচক - সনজিৎ বনিক

গোবিন্দ ধর মূলতঃ কবি৷ উত্তর ত্রিপুরা থেকে স্রোত প্রকাশনা এর কর্ণধার৷ তার দীর্ঘদিনের কবিতালেখার সাথে আমার পরিচিতি৷ আমার সম্পাদিত কবিতার কাগজ ‘‘শাব্দিক’’ এ অনেক কবিতা লিখেছেন৷ স্রোত প্রকাশনা থেকে অক্ষর সংকলনের সংগ্রহ ‘‘সাতসমুদ্র’’ প্রকাশিত হয়েছে অনেকদিন থেকেই৷
এই ২০২৫ সেপ্ঢেম্বর মাসে ‘‘দৌড় প্রকাশনা’’ থেকে তার তিনটি কবিতার বই, সবগুলোই এক পঙতির কবিতা যা কবি নামকরণ করেছেন ‘‘এক পঙতির আত্মবিষ’’৷ কবিতার বইয়ের নাম ‘‘দ্রোহ’’, ‘‘দ্রোহকাল’’ ‘‘দ্রোহবীজ’’ বেশ আত্মবিষে ভরপুর কবিতার বই যেখানে সব কবিতাই এক পঙ্‌তির৷
সহসা এই রকম কবিতা সংকলন একেবারেই নজরে আসেনি আমার৷ চীনদেশের কবিদের লেখা এক পঙ্‌তির কবিতা৷ বাংলা অনুবাদে পড়েছি৷৷  পড়েছি জাপানি কবিতা হাইকুর অনুবাদ, বাংলাভাষায়৷ এরকম এক পঙ্‌তির কবিতা গোবিন্দ ধরের কলমেই প্রথম দেখলাম ‘‘দৌড়’’ প্রকাশনার দৌলতে৷
প্রথম কবিতার বই ‘‘দ্রোহ’’ উৎসর্গ করেছেন প্রাবন্ধিক ও অধ্যাপক শ্রীমানবর্দ্ধন পাল মহাশয়কে যিনি অতিথি অধ্যাপক  ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ৷ দ্বিতীয় কবিতা সংকলন ‘‘দ্রোহকাল’’ উৎসর্গ করেছেন কবি বিকাশ সরকারকে যিনি হাজিরা শ্রমিক থেকে কথা শ্রমিক হতে পেরেছেন৷ 
তৃতীয় কবিতা সংকলন ‘‘দ্রোহবীজ’ উৎসর্গ করেছেন তৈমুর খানকে যাকে বলেছেন সময়ের দ্রোহপুরুষ৷
বইগুলো গোছগাছ  সুন্দর প্রচ্ছদে ছোট্ট আকারে দৌড় প্রকাশনা প্রকাশ করেছে৷ দেখলেই বইগুলো হাতে তুলে নিতে ইচ্ছে করে৷
এক পঙ্‌তির আত্মবিষ কবিতা কিছু কিছু তুলে দিচ্ছি, পাঠক পাঠিকা  আপনারা আনন্দ পাবেন নিঃসন্দেহে৷

‘‘দ্রোহ’’ থেকে এইরকম এক পঙ্‌তি কিছু লাইন:

১) তুমিই গোপন ঈশ্বরী যেখানে আমার মুক্তিলেখা৷
২) তোমার কুহুতান শীতল হাওয়ার পাসওয়ার্ড৷
৩) কখনো কখনো তুমি উনকোটি টিলায় পাথরপ্রতিমা৷ 
৪) আকাশবাণী থেকে তুমিই নেমে এসো, গান দিদিমণি৷
৫) আমিই পতন যার কোনো শব্দ নেই৷
৬) তুমিই পিনির পিনির বৃষ্্টি কাঁকাল বেঁকানো ঢেউ৷

‘‘দ্রোহকাল’’ থেকে কিছু পঙ্‌তি, এইরকম:

১) বহিরঙ্গ দেখে বোঝা কঠিন, মানুষ কতটা মানুষ৷
২) আনোয়ারা একটি নদী ও মেয়ে৷
৩) মন খারাপ হলে আকাশ একমাত্র ভরসা৷
৪) দেশ আসলে রাজনৈতিক দাদাদের তৈরি সীমানা৷
৫) বৃষ্্টিতে ভিজলে চোখের জল দেখা যায় না৷

‘‘দ্রোহবীজ’’ থেকে কিছু পঙ্‌তি এইরকম :

১) সব সংগম যৌনতা নয়৷
২) নিজেকে হত্যা করার আনন্দই আলাদা৷
৩) হুক খুলতে রক্তাক্ত করে অসতর্ক সেফটিপিন৷
৪) জীবন শুধু সাপলুডো খেলা৷
৫) এ দেশ মৃত্যুর আগে স্বীকৃতি দেয়না৷
৬) ভালবাসতে হৃদয় লাগে অঙ্ক লাগে না৷

সবশেষে বলবো এক পঙ্‌তির আত্মবিষের কবিতা, লিখিয়ে কবি ও সহৃদয় পাঠকদের মধ্যে সম্পর্কের বাতাবরণ উজ্জ্বল হয়ে উঠুক এবং এরকম কবিতার ভেতর সত্য ও আনন্দ যেন পাঠকদের বুকের কাছে ঘন ঘন কড়া নাড়ে, তবেই আনন্দ কবিতায়৷

0 Comments