খড়কুটো

গোবিন্দ ধর 

খড়কুটোর মতো সামান্য এক সময়
উড়ে যায় বাতাসে, তাকেও এত ভয়?
আগুন লেগে গেলে ছারখার হতে পারে 
সমূহ সংকেত। ইশারার মতো
আগুন আর কোথাও একটুও নেই। 
নাবালক সময়ের সে খেয়াল নেই। 
পাখিগুলো সাবলীল উড়ে যায়, বাতাসে 
ভেসে যায় দিগন্তের মেঘ।তুলো তুলো মেঘ।

জঘন্য অপরাধ শেষে চিহৃ মুছে ফেলা
বালকের হাতে রক্ত লেগে আছে 
তবুও কি সাংঘাতিক অহংবোধে উড়ে
তার ও তাদের নিজস্ব পতাকা।

প্রবাহিত হোক হুুকুতইসার জল।খড়কুটো 
ভেসে ভেসে যাক। তাতে আলটপকা
একতারা বেজে উঠলে যদি গান হয়
তাতে গৃহে তো উৎসব আয়োজিত হয়।

জটিল এই সময় নাচুক সাপনাচুনি মুদ্রায়। 

১১:১০:২০২৩
বেলা:০৩টা৫০মি
কুমারঘাট।