দীর্ঘ পঁয়ত্রিশ বছর স্রোতের বিপরীতে স্রোত || গোবিন্দ ধর
দীর্ঘ পঁয়ত্রিশ বছর স্রোতের বিপরীতে স্রোত
গোবিন্দ ধর
দীর্ঘ পঁয়ত্রিশ বছর স্রোতের বিপরীতে স্রোত এক অসম প্রতিদ্বন্দ্বিতায় হোঁচট খেয়ে খেয়ে এগিয়ে যেতে চাইছে।এই অসম লড়াইয়ে অনেকেই কেটে পড়েছেন আবার নতুন বন্ধু হাত ধরে এগিয়ে দিতে হাত বাড়িয়েছেন - এই -ই কেন আমাদের নিয়তি? হয়তো আমরা যারা মফস্বল থেকে রাজধানীর তীব্র ইঁটকাঠের জগদ্দল পাথরের সাথে যান্ত্রিক আবহাওয়ার প্রতিকূলতা ডিঙিয়েও টিকে থাকার তীব্র স্বপ্ন দেখতে শুরু করে ফেলে কেউ তখনই নেমে আসে সমবেত ষড়যন্ত্র।
তাতেও যখন দমে যেতে চায়নি কোনো মফস্বলি তখন আরো তীক্ষ্ণ তরোয়ালের কোপে শতচ্ছিন্ন হয়ে যাওয়ারই কথা ছিলো " যে ভাষায় কথা বলে নদী /পাখি গান গায় / কালস্রোত /লেখা হয় পাতায় পাতায় " অথচ স্রোত প্রকাশনা ও লিটল ম্যাগাজিন ট্যাগলাইনটি লিখে নির্ঘোষ নিক্কণ বাজাতে বাজাতে এগিয়ে যাওয়ারই সংকল্প সঞ্চারিত করে সাহিত্যের নিবিড় চলমান মুহূর্তে তখন তার উপর নেমে আসে আরো নানা কুৎসা প্রপাগাণ্ডা। কেউ কেউ এই স্ক্যান্ডেলকেই পুঁজি করে দেওয়াল তুলে দিলেন চৌহদ্দি বরাবর।
সাহিত্যে কিংবা রাজনীতির প্রেক্ষিতে আগাছারা দ্রুত বাড়ে। প্রকৃতজনেরা বেঁচে থাকতে লড়াই ও তৈরী হওয়া জারি রাখতে হয়।
এরকম এক প্রেক্ষিতে স্রোত নিরলস কঠোরভাবে প্রতিক্ষণ নিজেকে দক্ষ করে তুলতে সচেষ্ট থেকেছে। কাজ আর কাজ করেই চলেছে দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে। আমরা ইতিমধ্যে ত্রিপুরা সরকারকৃত বাংলা ও ভিন্ন ভাষায় শ্রেষ্ট প্রকাশনা পুরস্কারে পুরস্কৃত হয়েছি ২০১৪ ও ২০১৯ সালে যথাক্রমে চাকমা ভাষায় গীতাঞ্জলি ও মানবীবিদ্যার আলোকে নারী এক ভিন্ন মাত্রিক পাঠ দুটো বই প্রকাশ করে। পাশাপাশি পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি কর্তৃক শ্যামল ভট্টাচার্যের লোদ্রভার কাছাকাছি উপন্যাস পেলো পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি পুরস্কার। এ ছাড়াও নানা সংস্থা থেকে স্রোত সাহিত্য পত্রিকা ও প্রকাশনা একাধিক পুরস্কারে ভূষিত। আমাদের এই যাত্রাপথ সহজ ছিলো না। আমাদের যাত্রাপথে আপনাদের সহযোগিতা ও পরামর্শ ছিলো। ছিলো পাশে থেকে নানাবিধ সহযোগিতা। কম্পোজ থেকে প্রুফ কারেকশন হয়ে একটি বই প্রকাশ করা অব্দি যে বিভিন্ন ধাপ সেই প্রতিটি ধাপেই আমাদের কাজকর্মের সাথে জড়িয়ে আছেন অসংখ্য শিল্পী কবি সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সাহিত্যিক।তাদের সকলের নিকট স্রোত গভীরভাবে কৃতজ্ঞ।
আমরা প্রতি বছর নানাবিধ কাজকর্মের মাধ্যমে আমাদের সাহিত্য সাধনায় ত্রিপুরার সাহিত্যকে সারা বাংলা সাহিত্যের বৃহৎ পরিমণ্ডলে পৌঁছে দেওয়ার স্বপ্নের উড়ানেরই অংশ হিসেবে স্রোত বই উৎসব, প্রকাশনা উৎসব, লিটল ম্যাগাজিন আন্দোলন, আলোচনার অনুষ্ঠানগুলো করে আসছি বিগত পঁয়ত্রিশ বছর থেকে। এই অনুষ্ঠানও সেই ধারাবাহিকতা বজায় রেখে একটি ব্যতিক্রমি প্রয়াস।আশা রাখি ত্রিপুরায় এরকম একক একটি প্রকাশনা সংস্থার বইপত্র নিয়ে আলোচনা অনুষ্ঠান ত্রিপুরায় প্রথমবার অনুষ্ঠিত হবে আপনাদের সানুরাগ উপস্থিতি ও আলোচনায়। ত্রিপুরার নানা প্রান্তে যারা বইপত্র পাঠের সাথে যুক্ত আছেন তাদেরই উপস্থিতি আজ এই অনুষ্ঠানের মূল চালিকাশক্তি। আপনাদের সহযোগিতা পেয়ে আমরা কৃতজ্ঞ। আমরা এরকম অনুষ্ঠান প্রতি বছর আয়োজন করে ত্রিপুরা থেকে প্রকাশিত বইপত্রগুলোকে পাঠকের দরবারে পৌঁছে দিতে সচেষ্ট থাকবো।আশা রাখি আমাদেরকে সঙ্গ দেবেন।
১৩:০৩:২০২৬
রাত:৩ টা
কুমারঘাট।
0 Comments