কবিতাক্ষর

চৈতন্য  ফকির

তুমি জানতে চাইছিলে আমার কবিতা লেখার বিষয় প্রেম
নাকি যুদ্ধ?
ভালোবাসা
নাকি প্রতিবাদ?
নাকি প্রতিরোধ?

আমি নিজের কষ্টগুলো
নিজের খামে রাখি
শানিত তলোয়ার করে।
আর কোন অর্জন নাই
আর কোন
চাওয়া নাই আমার।

তবুও মানুষের ভালোবাসা হাত আমার উপর আশীর্বাদের মুদ্রায় আসে।
চলে যায়।
আমি জানিও না
কেন আসে
কেনই বা চলে যায়?

আর বাড়তি পাওনা হলো নিজের দূঃখগুলো
পাঁচ কান করি
মনে করি
এই বুঝি
বিশল্যকরণী
এই বুঝি মৃতসঞ্জীবিনী কেউ
আমার কবর থেকে
আমায় তুলে এনে
করবে শল্যউন্মোচন।

শেষ অব্দি যা পাই
আমার করবী খাওয়া জীবন
তিলেতিলে মৃত্যুরূপী মহীরুহ 
ততদিনে শেকড় ডাবায়
আমার মনমাটির বহু নিচ অব্দি।

ব্যর্থ ভালোবাসা আমায় আর কি দেবে?
কিছু রুগ্নকবিতা
অসুস্থ শরীর,মন
এসবই আমার কবিতা।

আর কবিতাগিরি করে
দুএকটা সম্মান টম্মান ঝুলায়
আসলেও এসব
আমার মনের আনন্দ নয়।
এগুলো কলাপাতা ছাড়া আমায় আর কিছুই দেয় না।
আমি আমার আত্মরক্ষণ নিয়ে প্রতি মুহূর্তকাল নিশ্বাস নিই
কবিতাক্ষরের।
কবিতাগুলোর পাঠক চাই না আমি।
আমি চাই না পাঠ্য হোক।
আমি চাই আমার ভারগুলো বহন করে
আমার কবিতা আমার থাক।

৬:৬:২০১৭
রচনা সময়:দুপুর:১২:৫০মি
রাজেন্দ্রনগর।